রাজধানীর মিরপুরের ভাষানটেকে ১৩ নম্বর কালবাট রোড এলাকায় মশার কয়েল ধরাতে গিয়ে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় মেহেরুন্নেসা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম। তিনি জানান, গতকাল ভোরে মিরপুরের ভাষানটেক থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ ছয় জনকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে মেহেরুন্নেসা চিকিৎসাধীন আজ সকালে মারা যান। তাঁর শরীরের ৪৭ শতাংশ দগ্ধ হয়েছিল।
এ ছাড়া সূর্য বানু ৮২ শতাংশ, লামিয়া ৫৫ শতাংশ, মো. লিটন ৬৭ শতাংশ, লিজা ৩০ শতাংশ এবং সুজন ৪৩ শতাংশ দগ্ধ শরীর নিয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাঁদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক তরিকুল ইসলাম।
উল্লেখ্য, গতকাল শুক্রবার ভোর রাতের দিকে ভাষানটেকের একটি বাসায় মশার কয়েল ধরাতে গিয়ে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে নারী-শিশুসহ একই পরিবারের ছয় জন দগ্ধ হয়েছেন।