ভাষানটেকে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: চলে গেল শিশু লামিয়াও

রাজধানীর মিরপুরের ভাষানটেকের ১৩ নম্বর কালভার্ট রোড এলাকায় মশার কয়েল ধরাতে গিয়ে গ‍্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিশু লামিয়া (৭) মারা গেছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার মারা যায় সে। এ নিয়ে এই ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হলো।

লামিয়া কুমিল্লা জেলার লাকসাম থানার চান্দগাও গ্রামের মো. লিটনের মেয়ে। 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম লামিয়ার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান সে।

এই ঘটনায় গত ১৩ এপ্রিল শনিবার শিশু লামিয়ার দাদি মেরুন্নেসা, ১৫ এপ্রিল রাতে মা সূর্য্য বানু ও ১৬ এপ্রিল সকালের দিকে বাবা লিটন একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

চিকিৎসক তরিকুল ইসলাম জানান, গত শুক্রবার (৫ এপ্রিল) ভোর রাতে মিরপুরের ভাষানটেক থেকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ ছয়জনকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। শিশু লামিয়ার শরীর ৫৫ শতাংশ দগ্ধ ছিল। 

এছাড়া ওই পরিবারের মেয়ে লিজা (৩০ শতাংশ) ও ছেলে সুজন (৪৩ শতাংশ) বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাঁদের সকলের অবস্থা আশঙ্কাজনক। তাদের সকলেরই শ্বাসনালী পুড়ে গেছে বলেও জানান এই চিকিৎসক।