কানাইপুরে ১৫ মৃত্যু: তদন্তে উঠে এসেছে সেই সড়ক দুর্ঘটনার ৪ কারণ

ফরিদপুরের কানাইপুরে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় গঠন করা তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছে। এই দুর্ঘটনার পেছনে চারটি কারণ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ আলী সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রোববার রাতে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের কাছে তদন্ত প্রতিবেদনটি দাখিল করা হয়।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে—ঈদের পরে বাসচালকের দীর্ঘসময় গাড়ি পরিচালনায় ক্লান্তি আর চোখে ঘুম, দুটি যানবাহনেরই অধিক গতি, মহাসড়কে নিজস্ব লেনে ব্রেক করা ও মহাসড়কে অটোরিকশার উপস্থিতিতেই এই দুর্ঘটনাটি ঘটেছে।

এদিকে, দুর্ঘটনায় জড়িত সেই বাসচালককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ব্যাপারে বিস্তারিত জানাতে র‍্যাবের পক্ষ থেকে আজ সোমবার সকালে সংবাদ সম্মেলন করা হবে বলে জানানো হয়েছে।

গত ১৬ এপ্রিল সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলার দিকনগর এলাকায় ঢাকা থেকে খুলনাগামী উত্তরা ইউনিক পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১১ জন ঘটনাস্থলে ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জন মারা যান। এ ঘটনায় নিহত ইকবাল হোসেনের বড় ভাই এনামুল শেখ বাদী হয়ে যাত্রীবাহী বাসের চালককে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলী সিদ্দিকীকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে হয়। সেই কমিটিই গতকাল তদন্ত প্রতিবেদন দাখিল করল।