রাজধানীর দক্ষিণখানে মাদক কারবারির ছুরিকাঘাতে হযরত আলী (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত হযরত আলী ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চৌদার গ্রামের রাজমিস্ত্রি আব্দুর রশিদের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে গাওয়াইর কলিল বক্স রোড এলাকার ভাড়া বাসায় থেকে উত্তরা আজমপুরের একটি স-মিলে কাজ করতেন তিনি।
সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণখান গাওয়াইর বাজারের পাশে এই ঘটনা ঘটে। পরে আজ দুপুরের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ১০১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হযরত আলীর বড় ভাই মো. আসাদুল জামান বলেন, 'আজ সকাল সকাল ১০টার দিকে জানতে পারি গাওয়াইর বাজারের পেছনে হযরতকে সেলিম (৩৫) নামে এক মাদক কারবারি এলোপাথাড়ি ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে। ঘটনাস্থল থেকে দ্রুততাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলেচিকিৎসাধীন অবস্থায় দুপুরের পর মারা যায় আমার ভাই'।
আজ সন্ধ্যায় ইনডিপেনডেন্টকে দক্ষিনখান থানার উপপরিদর্শক (এসআই) মো. আজহারুল ইসলাম জানান, সংবাদ পেয়ে আজ সন্ধ্যায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে এসে আমরা ওই যুবকের মরদেহটি শনাক্ত করি। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।