রাজৈরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকায় গাছবোঝাই ট্রাক আর ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি খাদে পড়ে যায়। 

আজ শনিবার সকাল ৯টার দিকে রাজৈর-শ্রীনদী আঞ্চলিক সড়কের বদরপাশা ইউনিয়নের কাঠালিয়া বিজ্রের পাশে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের চরঘুন্সী গ্রামের নোয়াব আলী মুন্সির ছেলে হোসেন মুন্সী (৫৫) ও একই এলাকার লালমিয়া হাওলাদারের ছেলে ধলু হাওলাদার (৬০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ি থেকে ইজিবাইকে করে রাজৈর যাচ্ছিলেন কয়েকজন লোক। এ সময় বিপরীত দিক থেকে আসা গাছবোঝাই একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হোসেন মুন্সী ও ধলু হাওলাদার মারা যান। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও তিনযাত্রী গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভিডিও দেখুন:রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, ‘খাদে পড়ে থাকা ট্রাকটি উদ্ধার করা হবে। চালক পলাতক। নিহতের পরিবার আইনগত ব্যবস্থা চাইলে সহযোগিতা করা হবে।’