দিয়াবাড়ি লেকে গোসলে নেমে দুই কিশোরের মৃত্যু

রাজধানীর উত্তরার দিয়াবাড়ির লেকে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

নিহত আশরাফুল ইসলাম ও জিহাদ মিরপুর–১১ নম্বর শহীদ স্মৃতি স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল বলে জানিয়েছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদী।

ফায়ার সার্ভিস জানায়, দুপুরে ৫ বন্ধু মিলে ঘুরতে এসে লেকে গোসল করতে নামে৷ এসময় পানির মাঝামাঝি গেলে হঠাৎই দুজন ডুবে যায়৷ পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, ‘টুঙ্গি ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে৷ ধারণা করছি, সাঁতার না জানায় তারা পানিতে ডুবে যায়৷’