টাঙ্গাইলের মির্জাপুরের একটি বিল থেকে খুঁটিতে বাঁধা অবস্থায় মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, গত ৮ মাস আগে টাকিয়া কদমা গ্রাম থেকে নিখোঁজ হওয়া স্বপ্না বেগম নামে এক নারীর কঙ্কাল এটি। তবে সেটি নিশ্চিত হতে ডিএনএ টেস্টের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
উপজেলার টাকিয়া কদমা গ্রামের তেতিলা বিল থেকে রোববার বিকেলে এই কঙ্কাল উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গত এক যুগ আগে উপজেলার তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের মালেক সিকদারের মেয়ে স্বপ্না বেগমের সঙ্গে পার্শ্ববর্তী টাকিয়া কদমা গ্রামের সালাম মিয়ার ছেলে দুলাল মিয়া বিয়ে হয়। তাঁদের সংসারে দুইটি ছেলে সন্তান রয়েছে। গত ৮ মাস আগে স্বপ্না বেগম নিখোঁজ হন। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়। কিন্তু তাঁর কোনো খোঁজ মেলেনি।
রোববার বিকেলে টাকিয়া কদমা গ্রামে দুলাল মিয়ার বাড়ির সংলগ্ন তেতিলা বিলে একটি খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় কঙ্কাল দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে মির্জাপুর থানা–পুলিশ কঙ্কালটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ূন কবীর বলেন, কঙ্কালটি নিখোঁজ নারীর বলে ধারণা করা হচ্ছে। তবে ডিএনএ টেস্টের পর সেটি নিশ্চিত হওয়া যাবে।