গোপালগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে জসিম সিকদার (১৮) নামে এক মাদ্রাসাছাত্রকে প্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে সাড়ে ৫টার দিকে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে রোববার সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গোপালগঞ্জ থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত যুবক সম্পর্কে ভুক্তভোগীর শিশুর আত্মীয়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত জসিম সিকদার বাবা-মায়ের সঙ্গে নানাবাড়ি সদর উপজেলার বসবাস করে আসছিলেন। তিনি গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসায় পড়েন।
ভুক্তভোগী শিশুর মা জানান, শনিবার বিকেলে বাড়ির কাজে ব্যস্ত ছিলেন তিনি। এই সুযোগে তাঁর মেয়েকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন জসিম। পরে মেয়েকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান জসিম। এরপর কান্না শুনে ঘরে গিয়ে মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। রাত ৯টার দিকে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা থানায় মামলা করেছেন। অভিযুক্তকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে।