কলকাতার উল্টোডাঙার আইসি এমএআরডির নবীন মিলনায়তনে বাংলাদেশে কবি, প্রাবান্ধিক, সম্পাদক ও প্রকাশক আবু সাঈদকে প্রথমবারের মতো কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার প্রদান করা হলো। গতকাল (১৯ মে) রোববার বেলা সাড়ে ৩টায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে উদার আকাশ প্রকাশন ও পত্রিকা দুই বাংলায় সাহিত্যের বিকাশের ক্ষেত্রে এবং নজরুল চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন ব্যক্তি, সংগঠক বা সংগঠনকে ‘কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার ২০২৪’ প্রবর্তন করেছে। অনুষ্ঠানে উত্তরীয়, মানপত্র, অর্থ ও পুরস্কার ফলক তুলে দেন সাবেক সাংসদ ও জনপ্রিয় লেখক ড. মইনুল হাসান, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. কুমারেশ চক্রবর্তী, সম্পাদক, প্রকাশক ও কবি এমদাদুল হক নূর, গবেষক, লেখক চিকিৎসক পার্থসারথি মুখোপাধ্যায়, নজরুল পরিবারের সদস্য ও সংগীত শিল্পী নূপুর কাজী এবং উদার আকাশ পত্রিকা ও উদার আকাশ প্রকাশনের সম্পাদক ফারুক আহমেদ।
‘কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার ২০২৪’ সম্পর্কে উদার আকাশ প্রকাশন ও পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ বলেন, ‘দুই বাংলার সাহিত্য সংস্কৃতির সেবায় কাজী নজরুল ইসলাম গবেষণায় অনন্য নিদর্শনের জন্য আবু সাঈদকে বিদ্রোহী কবির নামে স্মৃতি পুরস্কার প্রদান করতে পেরে আমরা গর্বিত।’
কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কারপ্রাপ্ত আবু সাঈদ বলেন, ‘আমি পুরস্কার পেয়ে আবেগাপ্লুত। কৃতজ্ঞতা উদার আকাশ পত্রিকা ও প্রকাশনকে। নজরুল ইসলাম ছিলেন একজন মানবতার কবি। দুই বাংলায় নজরুল চর্চা আরও বেশি বৃদ্ধি করতে হবে।’
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, নজরুল গবেষক, কথাশিল্পী, সংগীতশিল্পী ও নজরুল অনুরাগীরা। বিশেষ বক্তব্য রাখেন সাবেক আধিকারিক আরফান আলি বিশ্বাস, প্রাবন্ধিক সোনা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানটি পরিচালনা করলেন কবি ফারুক আহমেদ।