মানিকগঞ্জের ঘিওরে একটি হাসপাতালে বকেয়া বিলের জন্য চিকিৎসা ছাড়া আটকে রাখার কারণে রেজোয়ান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। উপজেলার তরা (গিলন্ড) এলাকায় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে আজ রোববার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই শিশু পার্শ্ববর্তী শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ফলসাটিয়া গ্রামের সোহেল গাজীর ছেলে।
শিশুর পরিবারের দাবি, অবস্থা খারাপ হওয়ায় শিশু রেজোয়ানকে ঢাকায় নিতে বলেন কর্তব্যরত চিকিৎসক। এরপর মাত্র ৩ হাজার টাকা বকেয়া বিলের জন্য রোজোয়ানকে তিন ঘণ্টার বেশি চিকিৎসা ছাড়া আটকে রাখা হয়। এর ফলে রেজোয়ানের মৃত্যু হয়েছে।
এদিকে, এ ঘটনায় হাসপাতালের ভেতরে বিক্ষোভ করেছে নিহত শিশুর স্বজনসহ শতাধিক ব্যক্তি।
মারা যাওয়া শিশুর স্বজনেরা জানান, গতকাল শনিবার রাত ২টার দিকে শ্বাসকষ্টের কারণে দেড় বছরের শিশু রেজোয়ানকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভালো চিকিৎসা না পাওয়ায় শিশুটির অবস্থা আরও খারাপ হয়। এরপর আজ রোববার সকাল ৮টায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার শিশু হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ইমারজেন্সি মুহূর্তে ৩ হাজার টাকা বিলের জন্য রেজোয়ান ও তার স্বজনদের আটকে রাখে। এ অবস্থায় বেলা ১১টার দিকে শিশু রেজোয়ান মারা যায়।
এ ঘটনায় নিহত শিশুর স্বজনরা পুলিশকে জানানোর পর পুলিশ ঘটনাস্থলে এলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় বিক্ষোভ করে তারা। একপর্যায়ে পুলিশের সঙ্গেও বাকবিতণ্ডা হয় রোগীর স্বজনদের।
মৃত শিশুর বাবা সোহেল গাজী বলেন, ‘রেজোয়ানকে ভর্তির পর ভালো চিকিৎসা দেওয়া হয়নি। অবস্থা খারাপ দেখে ৮টার দিকে ঢাকায় রেফার্ড করে দেয়। ওই মুহূর্তে রেজোয়ানের মা এবং দাদি হাসপাতালে ছিল। তাদের কাছে কোনো টাকা ছিল না। ৩ হাজার টাকা বিলের জন্য তিন ঘণ্টার বেশি আটকে রাখার কারণে রেজোয়ানের মৃত্যু হয়েছে। আমার বুক খালি করছে, আমি সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘রোববার দিবাগত রাত ২টার দিকে রেজোয়ান নামের শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির তীব্রমাত্রায় নিউমোনিয়া ধরা পড়ে। এ অবস্থায় শিশুটির স্বাস্থ্যের অবনতি হওয়ায় ঢাকায় রেফার্ড করা হয়েছিল। তার স্বজনরা তাকে নিতে দেরি করায় শিশুটির মৃত্যু হয়। তবে স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ জুনিয়র অ্যাডমিন অফিসার ইফাজ আহাম্মদকে তাৎক্ষণিক বরখাস্ত করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃত শিশুটির স্বজনদের কাছ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে বলে মৌখিক অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’