জামালপুরের সরিষাবাড়ীতে কিশোরীকে ধর্ষণের দায়ে জাহিদুল ইসলাম নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু ফুরকান মোহাম্মদ মারুফ চৌধুরী এ রায় ঘোষণা করেন। সাজা প্রাপ্ত জাহিদুল ইসলাম সরিষাবাড়ী উপজেলার নাথেরপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাই জানান, জাহিদুল ইসলামের প্রতিবেশী হওয়ায় দীর্ঘদিন যাবত ভুক্তভোগী কিশোরীকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন তিনি। পরে ২০২৪ সালের ১২ আগস্টসহ বিভিন্ন সময় কিশোরীকে ধর্ষণ করে জাহিদুল ইসলাম। এরপর সপ্তম শ্রেণী পড়ুয়া কিশোরীটি গর্ভবতী হলে বিষয়টি নজরে আসে তার পরিবারের। গর্ভপাতের পর একটি মৃত ছেলে সন্তান জন্ম নেয়। এই ঘটনায় ২০২৫ সালের ১১ এপ্রিল জাহিদুল ইসলাম ও তার বোনকে আসামি করে সরিষাবাড়ী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী কিশোরীর বাবা।
গ্রেপ্তারের পর জাহিদুল ইসলাম ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন এবং বাদীসহ ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহনের পর এই রায় ঘোষণা করেন আদালত। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বাদীপক্ষ।


