রাজধানীর বংশাল থানার হানিফ ফ্লাইওভারে পিকআপ ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর আনুমানিক বয়স ৫০ বছর। এখনও তাঁর পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
হানিফ ফ্লাইওভারের ঢালে চানখারপুল এলাকায় গতকাল রাত পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ায় হয়। পরে সেখানকার জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সোয়া ১২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুল। তিনি বলেন, গত রাতের দিকে ঘটনাস্থল দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে পিকআপ ভ্যান ধাক্কা দিলে গুরুতর আহত হন মোটরসাইকেলের চালক। পরে দ্রুত তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তি সহায়তায় তাঁর নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় পিকআপ ভ্যানের চালক মামুন এবং তার পিকআপ ভ্যানটি জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।