উত্তরের পথে ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও সেতুর ওপর গাড়ি বিকল হওয়ায় দফায় দফায় বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বন্ধ রাখা হয়। এ কারণে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা থেকে কালিহাতীর ধলাটেঙ্গর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় যানবাহনের ধীরগতি লক্ষ্য করা গেছে।
শুক্রবার মধ্যরাত থেকে এই মহাসড়কে যানবাহনের ধীরগতি শুরু হয়। তবে শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ কিছুটা কমতে শুরু করেছে।
পুলিশ ও সেতু কর্তৃপক্ষ জানায়, ভোরে সেতুর ওপর যানবাহনের চাপ বেড়ে যায়। কয়েকটি গাড়ি বিকলও হয়। বিকল হওয়া যানবাহনগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগে যার ফলে যানজটের সৃষ্টি হয়। এছাড়াও যানবাহনের অতিরিক্ত চাপ সামাল দিতে কয়েক দফা টোল আদায় বন্ধ রাখা হয়। এতেই সড়কে যানবাহনের ধীরগতির সৃষ্টি হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, ভোররাত থেকে এখন পর্যন্ত মহাসড়কে পরিবহনের কিছুটা ধীরগতি রয়েছে। পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫৩ হাজার ৭০৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা।