মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধরা ঢামেক হাসপাতালে 

মুন্সিগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাঁদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

গুলিবিদ্ধদের মধ্যে গুরুতর আহত একজনকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে হয়েছে। অন্য চারজনকে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন– হারুনুর রশিদ(৩৫), মুক্তার হোসেন (৩২), আখতার হোসেন (৪০), রনি (৩৩) ও শাহিনুর (৫০)। তাঁদের মধ্যে শাহিনুরের অবস্থা গুরুতর।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘মুন্সীগঞ্জ থেকে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত জখম অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জরুরি বিভাগের দায়িত্ব চিকিৎসক। বাকিদের জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।’ 

এদিকে, প্রত্যক্ষদর্শীদের বরাতে আমাদের মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হোসেন্দী ইউনিয়নে শাহ পরান গ্রুপের সঙ্গে প্রতিপক্ষ হারুন অর রশিদ গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত উপজেলা পরিষদ নির্বাচনে শাহ পরান মনসুর আহমেদ খান জিন্নাহর পক্ষে অবস্থান নেন অন্যদিকে হারুন অর রশিদ গ্রুপের লোকজন অবস্থান নেন আমিরুল ইসলামের পক্ষে। ওই বিরোধের জেরে গত রোববার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে গোয়ালগাঁও গ্রামের দিলা মিয়ার মুদি দোকানের সামনে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ।