শিশুর গলায় ছুরি ধরে নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার 

কিশোরগঞ্জের তাড়াইলে শিশু সন্তানের গলায় ছুরি ধরে এক নারীকে (১৯) ধর্ষণের ঘটনায় একমাত্র অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেল তিনটার দিকে উপজেলার দড়িজাহাঙ্গীরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনসুন আলী আরিফ।

জানা যায়, ধর্ষণে দায়ে গ্রেফতারকৃত ওই অভিযুক্তের নাম আনু (২৫)। তিনি তাড়াইল উপজেলার দশদ্রুন গ্রামের নুরুল আমিনের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ভুক্তভুগীর স্বামী ঢাকায় ব্যবসা করেন। তিনি তার নয় মাসের এক সন্তান নিয়ে বাবার বাড়িতে রাতে ঘুমিয়েছিলেন। শনিবার (২৯ জুন) রাত তিনটার দিকে অভিযুক্ত ঘরে ঢুকে শিশুটির গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে ভুক্তভুগী নারীকে পাশের পুকুর পাড়ে এনে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে এ ঘটনায় একমাত্র অভিযুক্তকে আসামি করে তাড়াইল থানায় মামলা দায়ের করেন ঐ ভুক্তভুগী নারী।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনসুন আলী আরিফ বলেন, ‘এ বিষয়ে ভুক্তভুগীর অভিযোগের ভিত্তিতে আমরা মামলা রুজু করি। এবং দ্রুত সময়ের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হই। আজ বিকেলে গ্রেপ্তারকৃত আনুকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।’