কোটা নিয়ে ঢাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা, পাল্টাপাল্টি ধাওয়া

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলছে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

এর আগে, কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় জড়ো হয় শিক্ষার্থীরা। দুপুর ১২টা ১০ মিনিটে প্রথম মিছিলটি রাজু ভাস্কর্যের সামনে আসে। পরে মিছিল নিয়ে আসে ঢাকা মেডিকেল কলেজ ও বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষার্থীরা। 

এরপর দলে দলে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়। এ সময় কোটা সংস্কার নিয়ে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সব গ্রেডের কোটার যৌক্তিক সংস্কারের দাবি জানায় তারা। 

এদিকে, রাজধানীর ইডেন কলেজে আন্দোলনকারী ছাত্রী ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

এর আগে গতকাল রোববার ২০১৮ সালের প্রজ্ঞাপন বাতিল করে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ হয়েছে। এর ফলে, আগামী ৭ আগস্ট রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানিতে আর বাধা নেই। 

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালের ৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখা নবম গ্রেড এবং ১০ম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে একটি পরিপত্র জারি করা করে। ফলে সরকারি চাকরিতে ১০ শতাংশ নারী কোটা, ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা এবং ১০ শতাংশ জেলা কোটা বাতিল হয়ে যায়। 

পরে ওই পরিপত্র চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম তুষারসহ সাতজন হাইকোর্টে একটি রিট দায়ের করে। ওই রিটের শুনানি শেষে গত ৫ জুন সরকারের জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এতে সরকারি চাকরিতে আবারও কোটা ফিরে আসে।

বিষয়টি আপিলে গেলে গত ৯ জুন হাইকোর্টের রায় বহাল রেখে বিষয়টি আপিল বিভাগের বেঞ্চে শুনানির জন্য পাঠান চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম। ৪ জুলাই আপিল বেঞ্চ জানায়, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর মামলাটির শুনানি শুরু হবে। গত ১১ জুলাই আপিল বিভাগ হাইকোর্টের রায়ের ওপর এক মাসের স্থগিতাদেশ দেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, ঝুলন্ত কোনো সিদ্ধান্ত তাঁরা মানবেন না।