নরসিংদীতে নিখোঁজের একদিন পর জয় মৃধা (১৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পলাশ উপজেলার পারুলিয়ার রামাইনন্দী গ্রামের রহিম উদ্দিনের বাড়ির পাশের এক ঝোঁপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকতিয়ার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, যুবক জয় মৃধা পলাশ উপজেলার পারুলিয়ার রামাইনন্দী গ্রামের ফজর আলী মৃধার ছেলে ও পারুলিয়া উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে জয় মোবাইলে রিচার্জ করতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে তার খোঁজ না পেয়ে বুধবার সকালে থানা পুলিশের স্মরণাপন্ন হয় পরিবার। এদিকে বুধবার দুপুরে স্থানীয়রা প্রতিবেশি রহিম উদ্দিনের বাড়ির পাশের একটি ঝোঁপে ওই শিক্ষার্থীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকতিয়ার উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না দুর্ঘটনা তা তদন্তের পর জানা যাবে।