মুন্সীগঞ্জে কুকুরের কামড়ে দুই শিশু ও এক নারী আহত

মুন্সীগঞ্জ সদর উপজেলার বাঘেশ্বরে কুকুরের কামড়ে একই বাড়ির তিনজন আহত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মহাখালী ইউনিয়নের বাঘেশ্বর দেওয়ান বাড়িতে এই ঘটনা ঘটে।

আহতরা হলো– সদর উপজেলার বাঘেশ্বর গ্রামের জিয়াউল ঢালীর ছেলে জিসান ঢালী (৮), একই বাড়ির আব্দুল মোতালেবের ছেলে মেহতাব (৭) ও দেওয়ান বাড়ির কাদের দেওয়ানের স্ত্রী মুহিতুন নেছা (৬৫)। তাদের তিনজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরিবার সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের সদর উপজেলার বাঘেশ্বর দেওয়ান বাড়িতে উঠানে সাইকেলের ওপরে বসে মোবাইলফোন ব্যবহার করছিল জিসান ও মেহতাব। তখন হঠাৎ করে রাস্তার একটি পাগলা কুকুর জিসানের পায়ে কামড় দিয়ে সাইকেল থেকে টেনে হেঁচড়ে নামিয়ে আরও একটি কামড় দেয়। পরে সঙ্গে থাকা মেহতাবকে দুটি কামড় দেয়। এ সময় মহিতুন নেছা তাদের বাঁচাতে আসলে শরীরে বিভিন্ন স্থানে চারটি কামড় দেয়। পরে তাদের চিৎকারে শুনে বাড়ির লোকজন এসে তাদের উদ্ধার করে। 

পরিবারের সহযোগিতায় তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডা. প্রান্ত সরদার তাদের প্রাথমিক চিকিৎসা দেন। 
এই চিকিৎসক বলেন, ‘তিনজনের মধ্যে দুজন শিশু ও একজন বৃদ্ধা। তাদের তিনজনের মধ্যে মহিতুন বেশি আহত হয়েছে। তাদের তিনজনকে রেবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।’