গাজীপুরে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে নির্মাণ শ্রমিক নিহত 

গাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে মধ্যে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের ধাওযো–পাল্টা ধাওয়ার সময় ছুরিকাঘাতে এক এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। 

অসহযোগ আন্দোলনে প্রথম দিন রোববার বিকেলে আহত হন তিনি, পরে রাতে তার মৃত্যু হয়। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত তোফাজ্জল হোসেন (২২) নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পিজাহাটি গ্রামের আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তোফাজ্জল শ্রীপুরের নগরহাওলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ডা. প্রণয় ভূষণ দাস বলেন, রাত সাড়ে ৮টার দিকে মৃত অবস্থায় তোফাজ্জল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তার শরীরের পা সহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।