নিখোঁজের ৫ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

শরীয়তপুরের ভেদরগঞ্জে নিখোঁজের ৫ দিন পর আক্তার হোসেন ঢালী (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর সেনসান ইউনিয়নের মাঝেরচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, নিহত আক্তার হোসেন ঢালী একই ইউনিয়নের বেড়া চাক্কি এলাকার বাবুল ঢালীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আক্তার হোসেন ঢালী নরসিংহপুর ফেরিঘাট এলাকায় একটি বিকাশের দোকান চালাতেন। গত শনিবার আনুমানিক রাত ৯ টার দিকে দোকান থেকে তাকে ডেকে নিয়ে যায় কিছু দুর্বৃত্ত। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। আজ দুপুরে তার মরদেহ মাঝেরচর এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। 

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’