ইউজিসির পূর্ণকালীন সদস্য হলেন ঢাবির দুই শিক্ষক

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) দুজন পূর্ণকালীন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগ পাওয়া দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাকা) অধ্যাপক। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে আজ সোমবার এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। 

নিয়োগ পাওয়া দুজন হলেন ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশ, ১৯৭৩ এর সংশোধিত আইন, ১৯৯৮- এর ৪ (১) (বি) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তাঁদের এই নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে।

পাশাপাশি কমিশনের সদস্য হিসেবে তাঁরা প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। এই নিয়োগ তাঁদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।