সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে চাকরিপ্রত্যাশীরা শাহবাগে অবস্থানের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিলে পুলিশের টিয়ারশেলে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন।
সোমবার দুপুর সোয়া ১টায় তারা এখানে পৌঁছালে এ ঘটনা ঘটে।
এরআগে সোমবার সকাল ১১টা থেকে সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে দুই হাজারের বেশি চাকরিপ্রত্যাশী অবস্থান নেয়। পরে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যায়। শিক্ষার্থীদের মিছিল ও স্লোগান দেওয়ার সময় পুলিশ তাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় পুলিশকে কয়েকদফা টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা গেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন।
চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকরা চাকরিপ্রত্যাশীদের পক্ষ থেকে বলা হয়েছে, এক ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টার সাক্ষাত না পেলে কাফনের কাপড় পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অবস্থান নেবে আন্দোলনকারী।
এদিকে, চাকরিতে আবেদনের বয়সসীমা নির্ধারণে কমিটি করা হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। জনপ্রশাসন সচিব জানান, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে পর্যালোচনা ও সুপারিশ প্রদানের লক্ষ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মূয়ীদ চৌধুরীকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে সুপারিশ দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।