সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা নির্ধারণে কমিটি গঠন করেছে সরকার। এই কমিটির প্রধান করা হয়েছে সাবেক সচিব ও সাবেক তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মূয়ীদ চৌধুরীকে, যিনি জনপ্রশাসন সংষ্কার কমিশনের প্রধান। কমিটির সদস্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। এই কমিটি আগামী ৭ দিনের মধ্যে পরামর্শ দেবে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি চাকুরীতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট সকলের দাবী এবং চলমান আন্দোলনের প্রেক্ষিতে সরকারি চাকুরীতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণের বিষয়ে সার্বিক বিষয়াদি পর্যালোচনা পূর্বক সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন দাখিলের জন্য কমিটি গঠন করা হলো।’
প্রজ্ঞাপনে আরো বলা হয়, ‘কমিটির আহবায়ক কমিটিতে প্রয়োজনীয় সংখ্যক সদস্য অন্তর্ভুক্ত করতে পারবেন। কমিটি আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেন, ‘এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা এবং এখতিয়ার দেওয়া হয়েছে যে কয়জন সদস্য দরকার ঊনি নিবেন। চাকরিতে বয়স বৃদ্ধির বিষয়ে আগামী ৭ কার্যদিবসের মধ্যে এই কমিটি সরকারকে পরামর্শ দিবে।’
এদিকে, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে চাকরিপ্রত্যাশীরা শাহবাগে অবস্থানের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিলে পুলিশের টিয়ারশেলে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন। সোমবার দুপুর সোয়া ১টায় তারা এখানে পৌঁছালে এ ঘটনা ঘটে।
এরআগে সোমবার সকাল ১১টা থেকে সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে দুই হাজারের বেশি চাকরিপ্রত্যাশী অবস্থান নেয়। পরে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যায়। শিক্ষার্থীদের মিছিল ও স্লোগান দেওয়ার সময় পুলিশ তাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় পুলিশকে কয়েকদফা টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা গেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন।


প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে চাকরিপ্রত্যাশীদের বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
