মাদারীপুরের রাজৈরে সৌদি প্রবাসীর বসতঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ৭ ব্যক্তির বিরুদ্ধে। দুই দিন ধরে অন্যত্র থাকছেন ভুক্তভোগী বাইজীদ ফকির। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজৈর উপজেলার হরিদাসদি গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে রাজৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই ভুক্তভোগী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি আরব প্রবাসী বাইজীদ ফকির হরিদাসদি-মহেন্দ্রদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। শুক্রবার সকালে পারিবারিক কাজে বসতঘর তালাবদ্ধ করে রাজধানী ঢাকায় যান বাইজীদ। রাত ১০টার দিকে তিনি খবর পান তার বসতঘরে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় ৭ ব্যক্তি।
বাইজীদের অভিযোগ, হরিদাসদি গ্রামের শাহআলম মাতুব্বর, নুর আলম মাতুব্বর, সজিব মাতুব্বর, এমদাদুল মুন্সি, পান্নু মোল্লা, ইয়াজল মাতুব্বর ও মফিজুল খান নামে ৭ ব্যক্তি বাইজীদের কাছে দীর্ঘদিন ধরে লাখ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় বসতঘর ভাঙচুরের পর তালা ঝুলিয়ে দেন তারা। ঘটনার পর আতঙ্কে এলাকায় ঢুকতে পারছেন না বলে জানান বাইজীদ।
এ বিষয়ে অভিযুক্তদের একজন নুর আলম মাতুব্বর বলেন, ‘বাইজীদের বড়ভাই বুলবুল ফকিরের সাথে জমির দলিল নিয়ে একটি ঝামেলা চলতেছিল। আমরা কয়েকজন মিলে শুক্রবার রাতে মীমাংসার জন্য বসি। সেখানে বাইজীদেরও আসার কথা ছিল। বাইজীদ উপস্থিত না হলে কয়েকজন মিলে তার বাড়িতে যায়, সেখানেও তাকে না পাওয়া গেলে চলে আসে সবাই। বাইজীদের বসতঘর কেউ ভাঙচুর করেনি। আমাদের ৭ জনের নামে যে অভিযোগ আনা হয়েছে পুরোটাই মিথ্যা। আমরা এলাকার লোকজন চাইছিলাম বিষয়টি মীমাংসা করতে, কিন্তু বাইজীদ উপস্থিত না হওয়ায় আর সম্ভব হয়নি।’
হরিদাসদি-মহেন্দ্রদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর মোল্লা বলেন, ‘শুক্রবার রাতে হরিদাসদি এলাকায় একটু ঝামেলা হয়েছে শুনেছি। আমি এলাকার বাইরে থাকায় বিস্তারিত খোঁজখবর নিতে পারিনি। তবে শুক্রবার রাতের ঘটনা বাইজীদের ভাইয়ের সাথে ঝামেলার অংশ।’
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, এ বিষয়ে অভিযোগ দিয়েছে সৌদি প্রবাসী বাইজীদ ফকির। দুই পক্ষকে থানায় আসতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা চলছে।