ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে বৈদ্যুতিক শক মেশিন দিয়ে মাছ ধরার অভিযোগে ৭ জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ৪ টি বৈদ্যুতিক শক মেশিন, দুটি পাউডার ব্যাটরি ও একটি ইনভার্টার জব্দ করা হয়।
গতকাল শুক্রবার রাতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটকৃতরা হলেন– দোহারের মাহমুদপুর ইউনিয়নের নারায়নপুর এলাকার শেখ মুন্না, শেখ নয়ন, মো. মুকুল মোল্লা, জাহাঙ্গীর শিকদার, মো. ইকবাল, মো. রবিউল ও মো. মিরাজ বেপারী। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানায়, শুক্রবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মৈনটঘাটে যায় পুলিশ ও আনসারের একটি দল। এসময় বৈদ্যুতিক শক মেশিন দিয়ে মাছ ধরার প্রস্তুতির সময় চারজনকে এবং মাছ ধরার সময় আরো তিনজনকে আটক করা হয়। জব্দ করা হয় মাছ ধরার কাজে ব্যবহৃত চারটি বৈদ্যুতিক শক মেশিন, দুটি ব্যাটারি ও একটি ইনভার্টার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খান জানান, আটককৃত প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।