সাবেক অতিরিক্ত কমিশনার হারুনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রায় ৪১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ, তাঁর স্ত্রী শিরিন আক্তার ও ভাই এবিএম শাহরিয়ারের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। 

মঙ্গলবার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটি থেকে মামলাগুলো দায়ের করা হয়েছে। 

মামলার এজাহারে সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদের বিরুদ্ধে ১৭ কোটি ৫১ লাখ টাকার অবৈধ সম্পদ, তাঁর স্ত্রী শিরিন আক্তার ১০ কোটি ৭৬ লাখ টাকা এবং তাঁর ভাই এবিএম শাহরিয়ার বিরুদ্ধে ১২ কোটি ৯৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারা ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা হয়েও এত সম্পদের মালিক হারুনের বিরুদ্ধে, আওয়ামী লীগ আমলে কোনো পদক্ষেপ ছিল না দুদকের। তবে, গেল ১৯ আগস্টে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে মাঠে নামে তারা।

এরপর গত ২৫ অক্টোবর সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, তাঁর মা-স্ত্রী-মামা-চাচাসহ ১২ জনকে, অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার কথা জানায় দুদক। এ জন্য ৩১ অক্টোবর ও ৩ নভেম্বরে তলব করা হয় তাঁদের। সংস্থাটি ওই দিন জানায়, তলবে সাড়া না দিলে ধরে নেওয়া হবে, অবৈধ সম্পদের বিষয়ে কোনো বক্তব্য নেই অভিযুক্তদের।