নারায়ণগঞ্জ মেঘনা থানার মোরগা পাড়ায় প্রাইভেট কার-সিএনজি সংঘর্ষে অর্থী (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি বাবার সঙ্গে সোনারগাঁয়ের জাদুঘর বেড়ানো শেষে বাড়ি ফিরছিল বলে জানিয়েছে পরিবার।
রোববার সন্ধ্যা সোয়া ৬টা নাগাদ মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানায়, অর্থী পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের বাবুল হোসেনের মেয়ে।
শিশুটির বাবা বাবুল হোসেন বলেন, ‘মেয়ের আবদার ছিল সোনারগাঁও জাদুঘর দেখবে। তাই আজ সকালের দিকে সোনারগাঁয়ের জাদুঘরে বেড়াতে গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে। বিকেলে ফেরার পথে মেঘনা ব্রিজের পশ্চিম পাশে মোরগাপাড়া এলাকায় সিএনজিতে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সাথে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় আমার শিশু। পরে দ্রুততাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার অর্থী আর বেঁচে নেই।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই শিশুর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।