নরসিংদীতে আধিপত্য বিস্তারের জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মনজু মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বখতিয়ার নামে একজন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে মাধবদী থানার শেখেরচর-বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনজু মিয়া (২২) মাধবদী থানার পৌলাণপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। আহত বখতিয়ার মেহেরপাড়া ইউনিয়ন তাঁতী দলের সভাপতি ও যুবদল নেতা ইফতেখার আলমের ছোট ভাই।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় ডিস, ইন্টারনেট ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন ও একই ইউনিয়নের যুবদলের সভাপতি ইফতেখার আলম বাবলা গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে তিন দিন আগে ইফতেখারের ছোট ভাই জ্যোতিকে মারধর করে আকরাম ও তার সহযোগীরা। এরই জেরে বৃহস্পতিবার রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে ইফতেখার গ্রুপের ডিস ব্যবসার কর্মী মনজুর মৃত্যু হয়। এতে আহত হন তাঁতীতল নেতা বখতিয়ার।
নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।