গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়কে বিক্ষোভ 

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধে করে বিক্ষোভ করেছে কারখানার শ্রমিকরা। পরে সেনাবাহিনী, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর রাত ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। 
 
সোমবার রাত ৮টার দিকে বোর্ডবাজার এলাকার কালাই মার্কেটের নুর এসএমএস ফ্যাশন ওয়্যার লিমিটেডের শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের পরিশোধের দাবিত মহাসড়ক অবরোধ করে বলে জানান গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম। 

পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, একটি ভবন ভাড়া নিয়ে সাব কন্টাকে শ্রমিকদের দিয়ে কাজ করাতন এক ব্যক্তি। ওই কারখানার মালিক বেতন পরিশোধ না করে পালিয়ে গিয়েছে, এমন খবরে ভবন মালিক কারখানায় তালা লাগিয়ে দেন। মঙ্গলবার বিকেল থেকে বোর্ড বাজার এলাকার নুর এসএমএস ফ্যাশনের শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানা চত্বরে জড়ো হচ্ছিল। পরে ভবন ভবনে মালিক তালা লাগিয়ে দেওয়ায় শ্রমিকরা ক্ষুব্দ হয়ে মহাসড়ক অবরোধ করে।’

জহিরুল ইসলাম আরও বলেন, ‘প্রথমে পুলিশ ও পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সাথে আলোচনা করে তাদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যান। এ ঘটনায় প্রায় ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ ছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’