সাড়ে ১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ রোববার সকাল ‌৯টার দিকে কুয়াশা কে‌টে গে‌লে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শ‌নিবার দিবাগত রাত সা‌ড়ে ১০টার সময় কুয়াশার কার‌ণে দুর্ঘটনা এড়া‌তে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফে‌রি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় ‌কিছু যানবাহন পারের অপেক্ষায় থা‌কে। এরম‌ধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ‌্যাই বে‌শি। এতে ঘণ্টার পর ঘণ্টা পা‌রের অপেক্ষায় থে‌কে ভোগা‌ন্তির শিকার হন চালক ও যাত্রীরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, শ‌নিবার সন্ধ্যা থেকেই কুয়াশা পড়‌তে থা‌কে। রাত সা‌ড়ে ১০টায় ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে যায়। সে সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফে‌রি চলাচল বন্ধ থাকায় কিছু যানবাহন আটকা প‌ড়ে। রোববার সকাল ৯টায় কুয়াশা কে‌টে গে‌লে ফে‌রি চলাচল শুরু হয়।