আশুলিয়ায় পোশাকশ্রমিক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার   

ঢাকার সাভারের আশুলিয়ায় মো. শাওন ও হাফিজা নামে এক পোশাকশ্রমিক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, জামগড়া কাঠালতলা এলাকায় ভাড়া বাসায় থেকে ওই দম্পতি স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। রাতে প্রথমে স্বামী মো. শাওন বাসায় রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

কিছুসময় পরে স্ত্রী হাফিজা বাসার বাইরে থেকে এসে রুমের লক (ছিটকিনি) ভেঙে ভেতরে প্রবেশ করেন। ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে তিনিও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এরপর ওই বাড়ির অন্যান্যরা আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি তাঁরা দুজনে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। স্বজনদের সঙ্গে কথা বলে এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।