রাজবাড়ীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে সেনা সদস্য নিহত

রাজবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক সেনা সদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের আলীপুর ইউনিয়নের নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই সেনা সদ‌স্যের নাম মো. আজিজুল বেপারী (৩২)। তিনি সদর উপজেলার কালীচরণপুর গ্রামের মোস্তফা বেপারীর ছেলে। তিনি সিলেট সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন।

নিহতের চাচাতো ভাই আসাদ ব‌লেন, ‘আজিজুল দুই মাসের ছুটিতে বাড়িতে এসেছিল। আগামীকাল তার সিলেট ফেরার কথা ছিল। বিকেলে আজিজুল তার বন্ধু নয়নকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে রাজবাড়ী শহরের দিকে আসছিল। পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় আজিজুল, নয়ন ও অপর মোটরসাইকেল আরোহী হাসান‌কে রাজবাড়ী হাসপাতা‌লে নি‌য়ে গেলে চি‌কিৎসক আজিজুল‌কে মৃত ঘোষণা ক‌রে।’

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজীব দে সরকার জানান, দুটি মোটরসাইকেলের সংঘর্ষে আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে আজিজুল হাসপাতা‌লে পৌঁছা‌নোর আগেই মারা যায়।

মোটরসাইকেল আরোহী নয়ন ও হাসানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া‌ধীন।’