রাজবাড়ীতে স্বামীর মোটরসাই‌কেল থে‌কে ছিট‌কে পড়ে স্ত্রী নিহত

রাজবাড়ী‌তে স্বামীর মোটরসাই‌কেল থে‌কে ছিট‌কে প‌ড়ে এক নারী নিহত হ‌য়ে‌ছে। সদর উপ‌জেলার বা‌নিবহ বাজার এলাকার রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের আজ মঙ্গলবার বিকে‌লে এ ঘটনা ঘ‌টে।

নিহত ওই নারীর নাম শিউলি সান্যাল। তিনি কালুখালী উপজেলার হাটগ্রামের অমিত কুমার সান্যালের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান। স্থানীয়‌দের বরা‌ত দিয়ে ওসি জানান, গ্রা‌মের বাড়ি থেকে স্বামীর মোটরসাই‌কে‌লে রাজবাড়ী যাচ্ছিলেন ওই নারী। প‌থে বাণিবহ বাজারের আগে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাই‌কেল থে‌কে সড়‌কে ছিটকে পড়েন। সে সময় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ওসি মাহমুদুর রহমান আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাকটি আটক করেছে পু‌লিশ। তবে চালক পা‌লি‌য়ে গে‌ছে। এ বিষ‌য়ে আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন।