কেরাণীগঞ্জের আগানগরে কোচিং থেকে মেয়েকে নিয়ে ফেরার পথে ছিনতাইকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে সিমা বেগম (৪০)নামে এক নারী নিহত হয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. ইমান হোসেন নামে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কেরাণীগঞ্জ দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করেন কেরাণীগঞ্জ দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘এই ঘটনার পর পরই আমাদের একটি টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. ইমান হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। আরেকটি টিমকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
ঢাকার কেরাণীগঞ্জের আগানগর এলাকায় মেয়েকে কোচিং থেকে নিয়ে ফেরার পথে ছিনতাইকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতের শিকার হন সিমা বেগম (৪০)নামে এক নারী। এ সময় তার কাছে ঢাকা নগর দুই হাজার টাকা ও কানের দুল ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।
মঙ্গলবার রাত আটটার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
সীমাকে হাসপাতালে নিয়ে আসা স্বামী আক্তার হোসেন বলেন, ‘সন্ধ্যার দিকে আমার মেয়েকে কোচিং থেকে নিয়ে ফেরার পথে ছিনতাইকারীরা আমার স্ত্রীকে কুপিয়ে তাঁর কাছে থাকা ২ হাজার টাকা ও তাঁর কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। পরে আমি খবর পেয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় আমার স্ত্রী আর বেঁচে নেই।’
তিনি আরো বলেন, ‘আমার স্ত্রীর মাথায় হাতে এবং শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর বাড়ি মাদারীপুর জেলার সদর থানার বড়কান্দি এলাকায়।’