চাঁদাবাজির অভিযোগ এনে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা যুবদলের সভাপতি নৌশাদ শিকদারকে বিএনপির কয়েকটি অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বেধড়ক পিটিয়েছে বলে পাল্টা অভিযোগ উঠেছে। শহীদ জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক টুটুল ও জিয়া প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক সজীবের নেতৃত্বে ১০-১২ জন গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মিঠামইন বাজারের শিকদার গেস্টহাউসের নিচতলায় তাঁকে পেটানো হয় বলে অভিযোগ।
নৌশাদ শিকদারকে বেধড়ক পিটুনির ২৬ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জেলাব্যাপী শুরু হয় আলোচনা-সমালোচনা।
জানা যায়, দুপুরে হঠাৎ করে গেস্ট হাউজের নিচতলায় নৌশাদ শিকদারকে দেখেই লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে টুটুল ও সজীবের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি। পরে, তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করে স্থানীয়রা।
এ বিষয়ে শহীদ জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক টুটুলকে ফোন করা হলে তিনি বলেন, ‘আমার বংশের মোমেদ আলীর দোকান এক মাস আগে জোর করে বন্ধ করে দেয় নৌশাদ। দোকান চালু করতে হলে নৌশাদকে ১ লাখ টাকা ও প্রতি মাসে ভাড়া দিতে হবে।’
এ ব্যাপারে নৌশাদ শিকদার বলেন, ‘কী কারণে আমাকে মারধর করল এরা, তা আমি কিছুই জানি না। আমি কারও কাছ থেকে কোনো চাঁদা দাবি করি নাই।’
এ বিষয়ে জানতে চাইলে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই শুনিনি এখনো এবং কোনো অভিযোগও পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’