নরসিংদীর শিবপুরে কিশোরী ধর্ষণ মামলার আসামি নারায়ণ চন্দ্র পালকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, র্যাব ১১ এর নরসিংদী ক্যাম্পের কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।
এর আগে বৃহস্পতিবার রাতে কুমিল্লায় অভিযান চালিয়ে নারায়ণ চন্দ্র পালকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নারায়ণ চন্দ্র পাল (৫০) শিবপুর থানার কুন্দারপাড়া এলাকার কুমার বাড়ির মৃত সুভাষ চন্দ্র পালের ছেলে।
র্যাব জানায়, শিবপুরের কুন্দারপাড়া এলাকায় কিশোরীকে ধর্ষণের পর থেকে আসামি নারায়ণ চন্দ্র পাল পলাতক ছিলেন। তাঁকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা চালিয়ে আসছিলেন।
বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লা জেলার বুড়িচং থানার কংশনগর পশ্চিম বাজার এলাকায় এক স্বজনের বাড়ি থেকে নারায়ণ চন্দ্র পালকে গ্রেপ্তার করা হয়। তাঁকে শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হচ্ছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে শিবপুরের কুন্দারপাড়া গ্রামে মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ওই কিশোরী বাড়ির পাশে গাছ থেকে আম পাড়তে যায়। এ সময় একই এলাকার নারায়ণ চন্দ্র পাল ওই কিশোরীকে জোর করে পাশের ধান খেতে নিয়ে ধর্ষণ করেন। এ সময় কিশোরীর চাচী ঘটনা দেখে ফেললে নারায়ণ চন্দ্র পাল দৌড়ে পালিয়ে যান। পরে কিশোরীর স্বজন ও স্থানীয়রা নারায়ণ পালের বাড়ি-ঘর ভাঙচুর করেন। পরে ওই কিশোরীর বাবা শিবপুর থানায় মামলা করেন।