ব্যাটারি রিকশার চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই অভিযান: ডিএনসিসি প্রশাসক

ব্যাটারিচালিত রিকশার চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক মোহম্মদ এজাজ। এদিকে, এসব অটোরিকশা চলাচল বন্ধসহ ৩ দফা দাবিতে ঢাকায় মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। 

বনানীতে সাধারণ মানুষের ওপর চালকদের হামলার পর নতুন করে আলোচনায় আসে ব্যাটারি চালিত অটোরিকশা। এর আগে নির্মাণ ত্রুটি, চালকদের প্রশিক্ষনহীনতা এবং দুঘর্টনার কারণে এই বাহনটি আলোচনায় ছিল। 

শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক মানববন্ধনে, সড়ক-মহাসড়ক থেকে ব্যাটারিচালিত অটো রিকশা তুলে নেওয়ার দাবি জানানো হয়। 

গত ২১ এপ্রিল সোমবার বনানীতে অটো রিকশাচালকদের হামলার সুষ্ঠু তদন্তের দাবিও জানান মানববন্ধনে অংশ নেওয়ারা। 

এদিকে, ব্যাটারি চালিত অটোরিকশার চালকদের বিরুদ্ধে কঠোর হওয়ার কথা জানিয়েছে ডিএনসিসি। সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘গতকাল আমি ডিএমপির সাথে বসেছিলাম। ঢাকার আশপাশে যেসব জায়গায় অবৈধভাবে টেসলা তৈরি ও মেরামত করা হয় এবং চার্জিং স্টেশনগুলোতে রাতে অভিযান চালিয়ে আমরা আস্তে আস্তে বন্ধ করে দেব।’