রাজধানীর খিলগাঁও থানার সিপাইবাগ ভূঁইয়াপাড়া ২ নম্বর রোডের হাজী গলির একটি নির্মাণাধীন ভবনের লিফটের বেজমেন্টের পানি থেকে মো. রাজন ইসলাম দীপু (২৫) নামের এক নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, কেউ তাঁকে ডেকে নিয়ে হত্যা করেছে।
আজ শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানার মৃত সিরাজ মিয়ার সন্তান রাজন বর্তমানে খিলগাঁও সিপাইবাগ ভূঁইয়াপাড়া ২ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি দুই ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন।
নিহতের ভাই কামরুল ইসলাম জানান, রাজন ওই নির্মাণাধীন ভবনে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। গত ১ মে ওই মেয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার পর থেকে রাজন নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে ২ মে খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শনিবার সকালে খবর পেয়ে জানা যায়, রাজনের মরদেহ লিফটের বেজমেন্টের পানিতে ভাসছে।
কামরুল ইসলামের অভিযোগ, কেউ রাজনকে ডেকে নিয়ে গিয়ে মাথায় ও চোখে আঘাত করে হত্যা করেছে।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ইন্দ্র মোহন রায় বলেন, আজ সকাল ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লিফটের বেজমেন্টের পানিতে ভাসমান অবস্থায় রাজনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথার পেছনে আঘাতের চিহ্ন, গলায় দাগ এবং চোখে কালো দাগ রয়েছে, যা ঘটনাটিকে রহস্যজনক করে তুলেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ওসি আরও বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।