রাজবাড়ীতে এক কাতলা বি‌ক্রি হয়েছে ৫২ হাজার টাকায়

রাজবাড়ীর পদ্মা নদীতে জে‌লের জা‌লে ধরা পড়ে‌ছে ৩২ কে‌জি ৬০০ গ্রাম ওজ‌নের এক‌টি কাতলা মাছ। মাছটি বি‌ক্রি হ‌য়ে‌ছে ৫২ হাজার ১৬০ টাকায়। 

গোয়ালন্দ উপ‌জেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় আজ র‌োববার সকা‌লে জেলে চান মিয়ার জালে মাছটি ধরা পড়ে।

জে‌লে চান‌মিয়া জানান, ভোর রা‌তে এক‌টি ট্রলা‌রে তিনি তাঁর দলের লোকজন নি‌য়ে নদী‌তে মাছ শিকা‌রে যান। নদীর বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে জাল ফেল‌লেও মা‌ছে দেখা পান না তাঁরা। প‌রে পদ্মা-যমুনার মোহনায় জাল ফে‌লেন তাঁরা। সেখা‌নে জাল তুল‌তেই বেশ ক‌য়েক‌টি ঝাকু‌নি দেয়। এতে বুঝ‌তে প‌ারেন বড় কোনো মাছ জা‌লে আটকা প‌ড়ে‌ছে। জাল নৌকায় তুল‌তেই দেখ‌তে বিশাল এক‌টি কাতলা মাছ দেখতে পান তারা। প‌রে দৌলত‌দিয়া সাইদ মোল্লার মাছের আড়তে ওজন দি‌য়ে দে‌খেন ৩২ কে‌জি ৬০০ গ্রা‌ম মাছ‌টি। 

স্থানীয় মাছ ব‌্যবসায়ী চান্দু মোল্লা জানান, সকা‌লে জে‌লে চান‌মিয়া মাছ‌টি দৌলতদিয়া ঘাটের সাইদ মোল্লার মাছের আড়তে নি‌য়ে আসেন। সেখা‌নে মাছটি উন্মুক্ত নিলামে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৫২ হাজার ১৬০ টাকায় কিনে নিই। মাছটি ফে‌রি ঘাটের পল্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। সেই সঙ্গে মোবাইলে বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে। কে‌জি প্রতি ৫০ বা ১০০ টাকা বেশি দাম পেলেই মাছটিকে বিক্রি করা হবে বলে জানান এই ব্যবসায়ী।