সামিট গ্রুপের ৫৬ কোটি টাকার বিদেশি বিনিয়োগ অবরুদ্ধ

লুক্সেমবার্গে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান ও তার পরিবারের অন্য সদস্যদের নামে থাকা কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

বিনিয়োগ করা সম্পদের মূল্য ৪১ লাখ ১৫ হাজার ৪১২ ইউরো। বাংলাদেশি টাকায় যার মূল্য ৫৬ কোটি ৬৫ লাখ ৬৮ হাজার টাকা।

এর আগে, দুদকের উপ-পরিচালক আলমগীর হোসেন সম্পদ অবরুদ্ধ করতে আদালতে আবেদন করেন। এতে বলা হয়, সামিট গ্রুপ ও তার সহযোগীদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি এবং অপরাধমূলক প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত চলছে। 

আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানের সময় পাওয়া তথ্য অনুসারে লুক্সেমবার্গে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান এবং তার সহযোগীদের নামে এ সম্পদ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের এ সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

এর আগে গত ৯ মার্চ সামিট গ্রুপের ১৯১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব হিসাবে ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকা রয়েছে। 

গত ১১ মার্চে তাদের ৫৪ কাঠা জমি জব্দেরও আদেশ দেওয়া হয়। এর দলিল মূল্য এক কোটি ৪৬ লাখ ৯০ হাজার টাকা দেখানো হলেও প্রকৃত মূল্য ৯ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা বলে দুদকের আবেদনে উল্লেখ করা হয়।