নার্সিং শিক্ষার্থীদের হটিয়ে শাহবাগের রাস্তা খুলে দিল পুলিশ

একদফা দাবিতে শাহবাগ অবরোধ করে রাখা নার্সিং শিক্ষার্থীদের হটিয়ে রাস্তা খুলে দিয়েছে পুলিশ। এতে প্রায় ৬ ঘণ্টা পর সড়কটিতে যান চলাচল শুরু হয়। তবে রাস্তার আরেকপাশে এখনও অবস্থান নিয়ে আছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 

ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতির এক দফা দাবিতে দুপুর থেকেই রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে নার্সিং শিক্ষার্থীরা। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে রাত ৯টার পর যান চলাচল শুরু হয়।

আন্দোলনকারীরা জানান, এইচএসসি পাশ করে তারা ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারির ডিপ্লোমা কোর্সে ভর্তি হন। ৩ বছরের ডিপ্লোমা এবং ছয় মাসের ইন্টার্নশিপ শেষে তাদের যে সনদ দেওয়া হয় তা এইচএসসি সমমানের, যা বৈষম্য। 

তাদের দাবি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি পরবর্তী তিন বছর মেয়াদি ডিগ্রি কোর্সের শিক্ষার্থীরা স্নাতক সমমানের স্বীকৃতি পান। অথচ ১১০ ক্রেডিটের ‘ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি’ ও ‘ডিপ্লোমা ইন মিডওয়াইফারি’ কোর্স সম্পন্ন করার পরও তারা এ সুযোগ পাচ্ছেন না। এতে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য হচ্ছে বলে দাবি তার।