ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। অজ্ঞাত এক যানবাহনের চাপায় তাঁর মরদেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পরিচয় জানাতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, যুবকের আনুমানিক বয়স ৪৫ বছর।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। করিমপুর হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। 

ওসি সালাউদ্দিন বলেন, রাতে অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট মরদেহটি ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিল। 

সালাউদ্দিন জানান, জুতার সূত্র ধরে মরদেহের পরিচয় জানতে চেষ্টা চলছে। ফরিদপুর সিআইডি পুলিশের সহায়তায় কাজ চলছে। শনাক্তের পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।