মানিকগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

মানিকগঞ্জের হরিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দীপক দেবনাথ (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বলড়া ইউনিয়নের আমিন ব্রিকস সংলগ্ন পিপুলিয়া ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান জানান, শুক্রবার সন্ধ্যায় হরিরামপুর উপজেলা থেকে বলড়াগামী এবং বলড়া থেকে হরিরামপুরগামী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনজন আহত হন। স্থানীয়রা উদ্ধার করে আহতদের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। আহতদের মধ্যে দীপকের অবস্থা গুরুতর হলে মানিকগঞ্জে রেফার করার পর সেখান থেকে ঢাকার বেসরকারি হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসক দীপককে মৃত ঘোষণা করেন।

ওসি মুহাম্মদ মুমিন খান আরও বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’