গাজীপুরে পোশাককর্মীর ‘আত্মহত্যার’ জেরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

গাজীপুরের শ্রীপুরের নয়নপুর এলাকায় একটি কারখানার আটতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে জাকির হোসেন (২৫) নামের এক শ্রমিক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সহকর্মী, শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করে কারখানা ভাঙচুর ও আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় শ্রমিকদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইলে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় পুলিশের লাঠিচার্জে অন্তত ২০ জন আহত হয়েছেন।

মৃত জাকির হোসেন নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার বাদেচিরাম গ্রামের মোক্তার উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুরের ডিবিএল গ্রুপের জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানায় শ্রমিকের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের নতুন বাজার এলাকার জিন্নাত নিটওয়্যার লিমিটেডের শ্রমিক জাকির হোসেন কারখানার ছাদের ওপর থেকে লাফিয়ে পড়েন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে তাঁর মৃত্যুর খবর কারখানায় পৌঁছালে সহকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। নিহত ওই শ্রমিককে বকাঝকা করা হয়েছে এমন দাবি করে শ্রমিকেরা বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা কারখানা ভাঙচুর ও আঞ্চলিক সড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় শ্রমিক ও পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে  শ্রমিকদের সরিয়ে দিতে চাইলে তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা হয়েছে। পরে শ্রমিকদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী রয়েছে।