কিশোরগঞ্জে নদীতে ডুবে প্রাণ গেল মাদরাসা ছাত্রের

কিশোরগঞ্জের ভৈরবে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের ২ ঘণ্টা পর এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ভৈরবের শিমুল কান্দি ইউনিয়নের গুছামারা এলাকায় কোদালকাটি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জুম্মান গুছামারা গ্রামের মেম্বার বাড়ির আমান উল্লাহর ছেলে এবং গ্রামটির পূর্বপাড়া হাফিজিয়া মাদরাসার হেফজখানা থেকে হাফিজি সম্পন্ন করছে।

ভৈরব নৌ-ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আজিজুল হক রাজন বলেন, ‘আজ শুক্রবার মাদরাসা বন্ধের দিন। সকাল সাড়ে ৯টায় কুদালকাটি নদীতে ফুটবল খেলার পর হেফজখানার ছাত্ররা মিলে গোসল করতে যায়। গোসলের এক ফাঁকে নদীর উপর বেইলি ব্রিজ থেকে লাফিয়ে সাঁতার কাটতে শুরু করে তারা। এসময় জুম্মান পানিতে তলিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের একটি টিম দুই ঘণ্টা চেষ্টার পর বেলা সাড়ে ১১টায় নদী থেকে জুম্মানের মরদেহ উদ্ধার করে। পরে, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।’