আগস্ট থেকে রাজধানীতে নামছে বুয়েটের তৈরি রিকশা 

আগামী আগস্টেই ঢাকার রাস্তায় নামছে বুয়েটের তৈরি ব্যাটারিচালিত রিকশা। শনিবার দুপুরে ঢাকার উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগরভবনে রিকশা চালকদের এক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ কথা জানান। 

উপদেষ্টা জানান, প্রাথমিকভাবে রাজধানীর পল্টন, ধানমন্ডি এবং উত্তরায় চলবে এই রিকশা। 

আসিফ মাহমুদ বলেন, ‘লাইসেন্সের পুরো প্রক্রিয়াটা আমরা অনলাইনে নিয়ে আসছি, যাতে করে এখানে কোনো হাতের সংস্পর্শ না থাকে। হাতের সংস্পর্শ আর লাইসেন্স মানেই আমাদের এখানে একটা অবৈধ লেনদেনের সুযোগ তৈরি হয়। আমাদের রিকশাচালকরা যারা এই ট্রানজিশনটা করবেন তাদের ওপরে কোনো বাড়তি চাপ যেন না হয় সেটা নিশ্চিত করতে চাই।’

স্থানীয় সরকার উপদেষ্টা জানান, অনির্দিষ্ট নয়, প্রতিটি এলাকায় নির্দিষ্ট সংখ্যক রিকশা থাকবে। চালকরা যেন চাঁদাবাজি বা অন্যান্য কোনো হয়রানির শিকার না হয় সেই ব্যবস্থা নেওয়া হবে। 

এসময় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, আগামী ২ জুন থেকে অনুমোদনহীন রিকশাগুলো ধীরে ধীরে সরিয়ে ফেলা হবে। 

মোহাম্মদ এজাজ বলেন, ‘তারা দারিদ্রতার নিচে বসবাস করে। কাজের জন্যই তারা শহরে আসে। সুতরাং তাদের ন্যায্যতা নিশ্চিত করা, বৈষম্যহীনভাবে তাদের শহরের ইকোনমিতে ইনক্লুড করাটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ।’

ডিএনসিসি প্রশাসক জানান, রিকশার চার্জিং পয়েন্ট নিয়ে কাজ চলছে, যাতে অনুমোদিত পয়েন্টে চার্জ দেওয়া যায়। নতুন ডিজাইনের এই রিকশা চালু করতে পারলে ঢাকা শহরের পরিবহনকে শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব হবে বলেও আশা প্রশাক করেন তিনি।