রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

রাজবাড়ীতে পা‌রিবা‌রিক কল‌হের জে‌রে নাজমা বেগম নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার দায়ে তাঁর স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। একই স‌ঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে।

আজ বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ জয়নাল আবেদীন এ রায় দেন। রায়ের সময় আসামি পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্ত ওই ব‌্যা‌ক্তির নাম মো. মকিম মোল্লা। তিনি কালুখালী উপজেলার চরকুলটিয়া গ্রামে আজিজ মোল্লার ছেলে।

মামলার নথি থে‌কে জানা যায়, গত ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি বোনের বাড়ি থেকে ফেরার পথে কালুখালী উপজেলার কাশমিয়ার বিল এলাকায় নাজমা বেগমকে হত্যা করে তাঁর দ্বিতীয় স্বামী মকিম মন্ডল। দ্বিতীয় স্বামীর কাছ থেকে প্রথম স্বামীর কাছে যাওয়ায় ক্ষোভে ম‌কিম মন্ডল তাঁকে হত‌্যা ক‌রেন। পরদিন ২২ ফেব্রুয়ারি সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন নিহতের ভাই মো. ইমাম আলী বাদী হয়ে কালুখা‌লি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় প্রদান ক‌রেন।