গাজীপুরের শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে এক স্কুলছাত্রকে তুলে নেওয়ার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাকে গ্রেপ্তারের সময় একটি খেলনা পিস্তল ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার স্কুলছাত্রকে তুলে নেওয়ার ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
শ্রীপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের হাজী প্রি ক্যাডেট স্কুলে মঙ্গলবার শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা হয়। এদিন সন্ধ্যার পরপরই ২২ মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
ভুক্তভোগী স্কুলছাত্র (১৪) শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে। অভিযুক্ত অস্ত্রধারী মো. কাওসার আহমেদ (৩০) উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে। এছাড়াও এমদাদুল হক, নূরুল হক, মোস্তফাসহ কয়েকজন স্কুলছাত্রকে তুলে নিতে সহযোগিতা করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক স্কুলছাত্রকে কয়েকজন যুবক মারতে মারতে নিয়ে যাচ্ছে। স্কুলশিক্ষক রুবেলসহ কয়েকজন শিক্ষার্থী তাকে রক্ষা করতে চেষ্টা করে। এসময় টিশার্ট পরা অস্ত্রধারী ক্ষিপ্ত হয়ে স্কুলের শিক্ষক রুবেল হোসেনের দিকে পিস্তল তাক করে ভয় দেখায়। এসময় বেশ কয়েকজন শিক্ষার্থী তাদের সহপাঠীকে রক্ষা করতে এগিয়ে আসে। পরে ফেরদৌসকে আটক করে শারীরিক নির্যাতন করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘স্কুল শিক্ষার্থী অপহরণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত কাওসারকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার বসতবাড়ি থেকে ১টি খেলনা পিস্তল, ২টি ওয়াকি–টকি সেট ও ১টি ওয়াকি–টকি চার্জার উদ্ধার করা হয়। এ ব্যাপারে ভুক্তভোগীর বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এছাড়া এ ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। গ্রেপ্তার কাওসার বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা মামলায় পলাতক আসামি ছিলেন।’