বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে ১২, ভর্তি ৪৪

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ১২ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। দগ্ধ হয়ে এখনও ৪৪ জন ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

আজ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ডা. শাওন বিন রহমান জানান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীসহ আমাদের এখানে প্রায় অর্ধ শতাধিক দগ্ধ অবস্থায় আহত হয়ে এসেছিল। এদের মধ্যে আমাদের বার্ন ইনস্টিটিউটে ১০ জন এবং ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে একজন সহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে আমাদের এখানে ৪৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১২ জনকে বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় আইসিইউতে চিকিৎসাধীন ১২ জনের অবস্থায়ই আশঙ্কাজনক।

এদিকে আজ সকালে থেকেই ইনস্টিটিউটের প্রধান ফটক ও প্রবেশপথে আনসার সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করতে দেখা যায়। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, রোগী ও রোগীর স্বজন ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকি সাংবাদিকরাও সেনাবাহিনীর অনুমতি ছাড়া ইনস্টিটিউট চত্বরে ঢুকতে পারেনি।

প্রবেশে কঠোর নজরদারি চালানো হয়। কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র দেখাতে হয়েছে, আর রোগীর স্বজনদের জানাতে হয় তারা কাকে দেখতে এসেছেন। রোগীর নাম ও ওয়ার্ড নম্বর স্পষ্টভাবে বলতে হয়েছে। পরিচয় নিশ্চিত না হলে কাউকেই প্রবেশ করতে দেওয়া হয়নি।

এরআগে গতকাল সোমবার দুপুরে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় বিমানবাহিনীর এফ-সেভেন বিজিআই যুদ্ধবিমান। আছড়ে পড়ে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই ঘটে বিস্ফোরণ, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে স্কুলের কয়েকটা রুমে। এতে এখন পর্যন্ত ৩১ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন শিক্ষার্থী-শিক্ষকসহ অনেকে। নিহত হয়েছেন বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও।