পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী ও তার দুই শ্যালককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীতে সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়।
আজ রোববার সকালে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও মিরপুরের রেনকিন অ্যাপার্টমেন্ট থেকে এই তিনজনকে আটক করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবিপ্রধান শফিকুল ইসলাম।
আটক ব্যক্তিরা হলেন- মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা এবং তার দুই শ্যালক। তবে দুই শ্যালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুদকের তালিকাভুক্ত মামলার আসামি শায়লা ফারজানা তার পলাতক স্বামী মনিরুলের নির্দেশনায় সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। সুনির্দিষ্ট তথ্যের পরই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মনিরুল ইসলামকে ২০২৪ সালের ১৩ আগস্ট চাকরি থেকে অবসর দেওয়া হয়। তিনি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।


